April 23, 2026
কলাম

আত্মহত্যা, বিবাহ প্রতিষ্ঠান ও সেলিব্রেটি সংস্কৃতি: একটি সমাজতাত্ত্বিক পাঠ

নাহিদ আক্তার ।। সম্প্রতি ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেতার স্ত্রীর আত্মহত্যাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত ট্র্যাজেডি মুহূর্তের মধ্যে জনআলোচনার বিষয় হয়ে ওঠে। সমালোচনা, দোষারোপ, নৈতিক বিচার সবকিছু মিলে ঘটনাটি যেন এক সামাজিক ট্রায়ালে রূপ নেয়। অথচ আত্মহত্যা কখনোই কেবল ব্যক্তির বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়; এটি বৃহত্তর সামাজিক কাঠামো ও সম্পর্কের জটিলতার সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট।

ফরাসি সমাজতাত্ত্বিক এমিল ডুরখাইম তাঁর গ্রন্থ Suicide-এ আত্মহত্যাকে ব্যক্তিগত দুর্বলতার ফল নয়, বরং সামাজিক সংহতি ও নিয়ন্ত্রণের মাত্রার সঙ্গে সম্পর্কিত একটি সামাজিক ঘটনা হিসেবে বিশ্লেষণ করেন। ডুরখাইমের মতে, যখন ব্যক্তি সমাজের কাঠামোর মধ্যে অতিরিক্ত নিয়ন্ত্রণ, বিচ্ছিন্নতা বা মূল্যবোধগত সংকটে পড়ে, তখন আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। এই আলোচ্য ঘটনাকেও সেই প্রেক্ষাপটে বিবেচনা করা জরুরি।

বিবাহ: প্রাকৃতিক না সামাজিক প্রতিষ্ঠান?

বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান; এটি স্বাভাবিক জৈব প্রবৃত্তির সরল সম্প্রসারণ নয়। সমাজ, ধর্ম ও আইনের মাধ্যমে বিবাহকে এমনভাবে কাঠামোবদ্ধ করা হয়েছে যে, তা ব্যক্তির জীবনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। বিশেষত বাংলাদেশসহ দক্ষিণ এশীয় রক্ষণশীল সমাজে বিবাহকে রোমান্টিক ও পবিত্র রূপে উপস্থাপন করা হয়। একবার বিবাহ সম্পন্ন হলে সেই সম্পর্ক রক্ষা করাকেই সামাজিক স্বীকৃতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

এই প্রেক্ষাপটে সম্পর্ক থেকে বেরিয়ে আসা প্রায় যুদ্ধজয়ের সমান কঠিন। বিবাহ বিচ্ছেদ সামাজিকভাবে নিন্দিত; নতুন সম্পর্কে জড়ানোকে সহজেই ‘পরকীয়া’ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে ব্যক্তি একটি টক্সিক বা সহিংস সম্পর্কে থেকেও বের হতে সাহস পায় না। অনেকের কাছে বিবাহ টিকিয়ে রাখাই হয়ে ওঠে অস্তিত্ব রক্ষার সমার্থক। এই চাপ দীর্ঘমেয়াদে মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে।

নির্ভরশীলতা ও লিঙ্গভিত্তিক কাঠামো

বাংলাদেশি সমাজে নারীর জীবনকে প্রায়শই স্ত্রী ও মায়ের ভূমিকায় সীমাবদ্ধ করে দেখা হয়। অর্থনৈতিক ও সামাজিক নির্ভরশীলতা নারীর ব্যক্তিসত্তাকে সংকুচিত করে এবং তার আত্মপরিচয়কে সম্পর্কনির্ভর করে তোলে। সম্পর্ক ভেঙে গেলে কেবল আবেগীয় নয়, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বিবাহ ভাঙনের ভয় অনেকের কাছে মৃত্যুভয়ের চেয়েও তীব্র হয়ে উঠতে পারে।

অন্যদিকে, পুরুষের বহির্মুখী সামাজিক অবস্থান তাকে বিকল্প পরিচয়, সামাজিক নেটওয়ার্ক এবং সম্পর্কের সুযোগ দেয়। ফলে দাম্পত্য সম্পর্কে আবেগীয় দূরত্ব তৈরি হলেও তার সামাজিক পরিণতি নারী ও পুরুষের ক্ষেত্রে সমান হয় না। এই বৈষম্য মানসিক চাপের ভারসাম্যকে আরও অসম করে তোলে এবং সম্পর্কের সংকটকে লিঙ্গভিত্তিকভাবে ভিন্ন অভিজ্ঞতায় রূপ দেয়।

সমস্যা তখনই গভীরতর হয়, যখন সম্পর্ক এবং ভালোবাসাকে ব্যক্তি-পরিচয়ের সমার্থক করে তোলা হয়। কোনো মানুষ “কে আমি” এই প্রশ্নের উত্তরে যদি একমাত্র উত্তর হয় কারো স্ত্রী, কারো সঙ্গী, কারো ভালোবাসার মানুষ তবে ব্যক্তিসত্তা বিপজ্জনকভাবে সংকুচিত হয়ে যায়। ভালোবাসা মানুষের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, কিন্তু তা কখনোই ব্যক্তির সম্পূর্ণ অস্তিত্বের বিকল্প হতে পারে না।

সম্পর্কে অতিরিক্ত আবেগীয় নির্ভরশীলতা এবং অবসেসিভ আসক্তি ব্যক্তি-সত্তার ক্ষয় ঘটায়। যখন একজন মানুষ তার আত্মমূল্যায়ন, আত্মসম্মান এবং জীবনের অর্থকে সম্পূর্ণভাবে অন্য একজনের উপস্থিতি বা স্বীকৃতির উপর নির্ভর করান, তখন বিচ্ছেদ বা দূরত্ব তার কাছে অস্তিত্বহীনতার সমান মনে হতে পারে। এই ধরনের অবসেশনাল সংযুক্তি মানসিক স্বাস্থ্যের গভীর সংকটের লক্ষণ হতে পারে, যা সামাজিক প্রত্যাশা দ্বারা পুষ্ট ও বৈধতা প্রাপ্ত হয়।

সমাজ যদি এমন শিক্ষা দেয় যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের সত্তাকে বিলুপ্ত করাও গ্রহণযোগ্য, তবে তা মানসিক সুস্থতার পরিপন্থী। কোনো সুস্থ সম্পর্কেই একজন সঙ্গী তার স্বতন্ত্র চিন্তা, পরিচয়, পেশাগত লক্ষ্য বা আত্মতৃপ্তিকে বিসর্জন দেবেন এমন প্রত্যাশা থাকা উচিত নয়। ভালোবাসা পারস্পরিক সম্মান ও স্বাধীনতার উপর দাঁড়ায়; অবসেশন বা অধিকারবোধের উপর নয়।

অতএব, নারীদের শৈশব থেকেই এমনভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে তারা বিবাহের পূর্বেই স্বতন্ত্র পরিচয়, আত্মসম্মানবোধ এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। একজন নারী প্রথমত একজন পূর্ণাঙ্গ মানুষ তার নিজস্ব আকাঙ্ক্ষা, স্বপ্ন ও বোধ রয়েছে। বিবাহ সেই পরিচয়ের একটি অংশ হতে পারে, কিন্তু পুরোটা নয়।

যখন ব্যক্তি তার সত্তা, আত্মমর্যাদা এবং জীবনের উদ্দেশ্যকে সম্পর্কের বাইরে থেকেও ধারণ করতে সক্ষম হন, তখন সম্পর্ক ভাঙন বা সংকট তার অস্তিত্বকে ধ্বংস করে না। বরং সম্পর্ক তখন পারস্পরিক বিকাশের ক্ষেত্র হয়ে ওঠে, আত্মবিলুপ্তির নয়।

সেলিব্রেটি সংস্কৃতি ও ব্যক্তিগত জীবনের সংকট

যখন কোনো ব্যক্তি খ্যাতির শিখরে পৌঁছে যায়, তখন তার ব্যক্তিগত জীবন আর সম্পূর্ণ ব্যক্তিগত থাকে না। সেলিব্রেটি হয়ে ওঠা মানে জনসমক্ষে এক স্থায়ী উপস্থিতি। তার প্রতিটি সিদ্ধান্ত, সম্পর্ক, আচরণ জনমতের অধীন হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এই নজরদারি ও নিয়ন্ত্রণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

খ্যাতির সঙ্গে সঙ্গে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। একদিকে জনসম্পৃক্ততা, অন্যদিকে পারিবারিক চাহিদা এই দ্বৈত চাপ মানসিক ভারসাম্যকে প্রভাবিত করে। সঙ্গী বা সঙ্গিনী প্রায়ই নিজেকে উপেক্ষিত, অবমূল্যায়িত বা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন। ক্ষমতা, মর্যাদা ও সামাজিক স্বীকৃতির অসম বণ্টন সম্পর্কের ভেতরে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক টানাপোড়েন সৃষ্টি করে।

ডোমেস্টিক ভায়োলেন্স ও মনস্তাত্ত্বিক জটিলতা

গার্হস্থ্য সহিংসতা কেবল শারীরিক নয়; মানসিক, আবেগীয় ও প্রতীকী সহিংসতাও এর অংশ। সম্পর্কের ভেতরে ক্ষমতার ভারসাম্যহীনতা, আত্মমর্যাদাবোধের সংকট, ঈর্ষা, নিরাপত্তাহীনতা সব মিলিয়ে এক জটিল মানসিক পরিবেশ তৈরি হয়। আত্মহত্যা অনেক সময় সেই দীর্ঘস্থায়ী মানসিক সংকটের চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়ে ওঠে।

সামাজিক পুনর্বিবেচনার প্রয়োজন

এই প্রেক্ষাপটে বিবাহ প্রতিষ্ঠানকে আরও মানবিক ও নমনীয় করে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্পর্ক টিকিয়ে রাখাই যদি একমাত্র নৈতিক মানদণ্ড হয়, তবে ব্যক্তি তার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিতে পারে না। সম্পর্ক থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার সামাজিক স্বীকৃতি থাকলে বহু সংকট চরম পরিণতিতে পৌঁছানোর আগেই সমাধান হতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিসত্তার স্বীকৃতি। একজন নারী বা পুরুষ প্রথমত একজন মানুষ; তার অস্তিত্ব কোনো একক সম্পর্কের উপর নির্ভরশীল নয়। অর্থনৈতিক স্বনির্ভরতা, মানসিক স্বাস্থ্য সহায়তা, সামাজিক সহমর্মিতা ও আইনি সুরক্ষা এই চারটি স্তম্ভকে শক্তিশালী করা জরুরি।

উপসংহার

আত্মহত্যাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখার পরিবর্তে আমাদের এটিকে সামাজিক সংকট হিসেবে বিশ্লেষণ করা প্রয়োজন। ডুরখাইমের ভাষায়, সমাজের কাঠামোগত ত্রুটি ব্যক্তি জীবনে বিপর্যয় ডেকে আনে। তাই সমাধানও হতে হবে কাঠামোগত।

জীবন কোনো এক সম্পর্কের চেয়ে বড়। ব্যক্তি পরিচয় কোনো বৈবাহিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মানবিক, সমতাভিত্তিক ও স্বাধীন সিদ্ধান্তের সুযোগ তৈরি করতে পারলেই হয়তো আমরা এমন বহু ট্র্যাজেডি প্রতিরোধ করতে সক্ষম হব।

 

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত কলাম লেখকের নিজস্ব মতামত]

Leave a Reply